ব্রেকাপের পরেও একসঙ্গে শুটিং, ‘অস্বস্তিতে’ সালমান- ক্যাটরিনা!  

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০১:৫৫ পিএম

সালমান খান ও ক্যাটরিনা কাইফের প্রেম এক সময় বি টাউনের চর্চিত বিষয় ছিল। কিন্তু সেই সম্পর্ক খুব বেশি দিন টিকেনি। কিন্তু তার পরেও একসঙ্গে কাজ করেছেন তারা। দু’জনের সম্পর্কের এক দুর্বল মুহূর্ত নিয়ে সম্প্রতি কথা বললেন পরিচালক কবীর খান।

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ছিল ‘এক থা টাইগার’। এতে জুটি বেঁধেছিলেন সালমান-ক্যাটরিনা। টাইগার-জোয়া জুটিকে পছন্দ করেছিলেন দর্শক। কিন্তু পর্দার রসায়নের নেপথ্যে শুটিংয়ের সময়ে দু’জনের মধ্যে ছিল একরাশ অস্বস্তি। ঘটনাটি প্রকশ্যে এনেছেন পরিচালক কবীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সিনেমার অভিনয়শিল্পী নির্বাচন প্রসঙ্গে কবীর বলেছেন, ‘তখন ওদের সবে বিচ্ছেদ হয়েছে এবং একে অপরের সঙ্গে ওরা খুব বেশি স্বচ্ছন্দ ছিলেন না।’

পরবর্তী সময়ে সিনেমার সিক্যুয়েলের সময় সালমানের কাছে প্রশ্ন রাখা হয় যে জোয়া চরিত্রটি নিয়ে কোনও আলাদা সিনেমা তৈরি হলে তার মত কী? উত্তরে ভাইজান বলেন, ‘হতেই পারে। কিন্তু জোয়া তো টাইগারকে ছাড়া অসম্পূর্ণ! তাই পুরো সিনেমাতে না থাকলেও সিনেমার ক্লাইম্যাক্সে কিন্তু জোয়াকে রক্ষা করতে টাইগারকে আসতেই হবে।’

টাইগার সিরিজ়ের এখনও পর্যন্ত তিনটি সিনেমা তৈরি হয়েছে। ২০১২ সালে মুক্তি পায় সিরিজের প্রথম কিস্তি ‘এক থা টাইগার’। পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। গত বছর ১২ নভেম্বর মুক্তি পায় সিরিজের শেষ কিস্তি ‘টাইগার ৩’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত