কাঞ্চনের বিয়ের অনুষ্ঠানে ড্রাইভার-নিরাপত্তারক্ষীদের প্রবেশ নিষিদ্ধ!

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০২:১৬ পিএম

সদ্য বিয়ের পিঁড়িতে বসা কাঞ্চন মল্লিক-শ্রীময়ীর রিসেপশনের অনুষ্ঠানে ‘ড্রাইভার-নিরাপত্তারক্ষীদের প্রবেশ নিষিদ্ধ’। সোশ্যালে ইতিমধ্যেই তাদের রিসেপশনের কার্ড নিয়ে হইচই পড়ে গেছে। এবার নাম না তুলেই কাঞ্চন মল্লিককে ‘ব্রিটিশ সাম্রাজ্যবাদী’দের সঙ্গে তুলনা করলেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়।

এক ফেসবুক পোস্টে তথাগত লিখেছেন, ‘ক্ষমতা, ঔদ্ধত্য আর অশিক্ষা মানুষকে এটাই শেখায়। অধিকাংশ হনুরা লুকিয়ে রাখেন এই কুৎসিত ভাবনাগুলো,আর কখনও-সখনও কেউ কেউ ভুলবশত উচ্ছ্বাসের তোড়ে পাবলিক করে ফেলেন তাদের বিকৃত মানসিকতা। শুধু এবং শুধুই ঘৃনা এই ধরনের মানসিকতার প্রতি। কারণ অভিনয় করে ক্ষমা হয়তো চাইবেন কোনোদিন কিন্তু এদের মানসিকতা তো আর পালটাবে না,আসল মানুষটাতো আর পালটাবে না।’

একই কথা শ্রীলেখার মিত্রর মুখেও। অভিনেত্রীর মন্তব্য, ‘নিরাপত্তারক্ষী ও ড্রাইভারদের প্রবেশ নিষিদ্ধ’- এই শব্দগুলো উল্লেখ করে সমাজকে নিজেদের কদর্য রূপটা দেখিয়ে দিল ওরা।’

টলিপাড়ার নববিবাহিত তারকাদম্পতির রিসেপশনের আয়োজনের কলেবর যত এলাহি হোক না কেন, রিসেপশনের গেটে লেখা ‘সতর্কীকরণ’ দেখে নিন্দার ঝড়। একজন জনপ্রতিনিধির মন-মানসিকতার এমন ‘রূপ’ দেখে বিরক্ত নেটপাড়ার একাংশ। তাদের বিবেকবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত