৭১৪ শিশুর কণ্ঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৪:২৬ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৭১৪ শিশুর কণ্ঠে আজ ধ্বনিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও প্রশাসন উদ্যোগে উপজেলা হেলিপ্যাড চত্বরে এই ভাষণের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯ টায় টুঙ্গিপাড়া উপজেলার ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭১৪ শিশু শিক্ষার্থীর কণ্ঠে উচ্চারিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চের ১৯ মিনিট ধরে ১ হাজার ১০৮ শব্দের কালজয়ী সেই ঐতিহাসিক ভাষণ।

বঙ্গবন্ধু সাজে সজ্জিত শিশুদের কণ্ঠে ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে হেলিপ্যাড পরিনত হয় রেসকোর্স ময়দানে। ১৯ মিনিটের সেই ভাষণ পুরোটাই মুখস্ত করে এসেছিলো ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭১৪ শিশু শিক্ষার্থী।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) উন্নয়ন প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকার।

ভাষণ শেষে ১১০৮টি শব্দ সংবলিত প্লাকার্ড নিয়ে ও বেলুন উড়িয়ে ‘৭ই মার্চের শব্দ শোভাযাত্রা’ নামে একটি ব্যতিক্রমী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতির পিতার সমাধিতে গিয়ে শেষ হয়। পরে শিশু শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত