নজরুলের কবিতা থেকে এসেছে জয় বাংলা: মুহম্মদ নূরুল হুদা

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৭:৩০ পিএম

বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেছেন, বাঙালি জাতির অস্তিত্বের স্লোগান ‘জয় বাংলা’ এসেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা থেকে। ১৯৭১ সালে এ ‘জয় বাংলা’ আমাদের মুক্তির মন্ত্র হিসেবে কাজ করেছে। কবি নজরুলের জয় বাংলাকে পরবর্তীতে প্রতিষ্ঠিত করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ৭ই মার্চের ভাষণ আমাদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রেরণা যুগিয়েছে। ৭ই মার্চে বঙ্গবন্ধু তাঁর ভাষণে জয় বাংলা বলে যে স্লোগান দিয়েছেন তা জাতীয় কবির একটি কবিতার লাইন জয় বাঙলার পূর্ণচন্দ্র, জয় জয় আদি অন্তরীণ, থেকে এসেছে। শুধু তাই নয় জাতীয় কবি তার ‘বাঙালির বাঙলা’ প্রবন্ধে বাঙলা বাঙালির হোক; বাঙলার জয় হোক, জয় বাঙলা এ কথাগুলো উল্লেখ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘জয় বাংলা’ স্লোগানটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা থেকে গ্রহণ করেছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে ও রেজিস্ট্রেশন কর্মকর্তা মোজাম্মিল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত উপপরিচালক একে আজাদ সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি শাহেদ কায়েস এবং গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো.সুলতান মিয়া।

অনুষ্ঠানে গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত