পঞ্চম বিয়ে করছেন রুপার্ট মারডক, পাত্রীর সঙ্গে পরিচয় সাবেক স্ত্রীর পার্টিতে

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৬:৪০ পিএম

পঞ্চম বিয়ে করতে চলেছেন ৯২ বছর বয়সী মিডিয়া মোগল রুপার্ট মারডক। সম্প্রতি প্রেমিকা এলেনা জুকোভার সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে। মারডকের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

৬৭ বছর বয়সী এলেনার সঙ্গে মারডকের প্রেমের সম্পর্কে নিয়ে কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল। বান্ধবী এলেনার সঙ্গে গত কয়েক মাস ধরেই তিনি ঘনিষ্ঠ হয়েছেন। এলেনা অবসরপ্রাপ্ত রুশ আণবিক জীববিজ্ঞানী। চলতি বছর ক্যালিফোর্নিয়াতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আগামী জুনে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে নিমন্ত্রণপত্রও বিলি করা হয়েছে।

এদিকে এটি মারডকের পঞ্চম বিয়ে হলেও ষষ্ঠ বাগদান। এর আগে ২০২৩ সালের মার্চে অ্যানলেসলি নামের এক প্রেমিকার সঙ্গে তার বাগদান হলেও তা বিয়ে পর্যন্ত গড়ায়নি। পরের মাসেই আসে সেই বাগদান ভেঙে যাওয়ার খবর। নিজের প্রতিষ্ঠান নিউ ইয়র্ক পোস্টকে এই ব্যবসায়ী তখন বলেছিলেন, ‘প্রেমে পড়তে আমার ভয়ই হচ্ছিল। তবে আমি জানি, এটাই আমার শেষ প্রেম। আর সেটা হলেই ভালো।’ কিন্তু সেই প্রতিশ্রতিও রক্ষা করতে পারলেন না।

ধারণা করা হচ্ছে, গত বছরের এপ্রিলে সাবেক পুলিশ চ্যাপলেইন (পুলিশের বিশেষ পরামর্শক) অ্যান লেসলি স্মিথের সঙ্গে অস্ট্রেলীয় বংশোদ্ভূত রুপার্ট মারডকের বাগদান ভেঙে যাওয়ার পর এলেনার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এলেনার সঙ্গে তার পরিচয় হয় সাবেক স্ত্রী ওয়েন্ডি ডেং আয়োজিত এক অনুষ্ঠানে।

এর আগে রুপার্ট মারডকের সঙ্গে যাদের বিয়ে হয়েছিল, তারা হলেন প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক অ্যানা মান, চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেং এবং যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী জেরি হল। রুপার্ট মারডকের বাগদত্তা এলেনার আগেও বিয়ে হয়েছিল। রাশিয়ার তেল ব্যবসায়ী আলেক্সান্ডার জুকোভ তার সাবেক স্বামী।

নিউজ করপোরেশনের প্রতিষ্ঠাতা রুপার্ট মারডক ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়ায় তার ক্যারিয়ার শুরু করেন। ১৯৬৯ সালে তিনি যুক্তরাজ্যে নিউজ অব দ্য ওয়ার্ল্ড ও দ্য সান নামের সংবাদপত্র দুটি কিনে নেন।  পরে নিউইয়র্ক পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালসহ কয়েকটি মার্কিন সংবাদ প্রতিষ্ঠান কিনে নেন তিনি। ১৯৯৬ সালে চালু করেন ফক্স নিউজ। এটি এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দর্শকপ্রিয় চ্যানেল।

২০১৩ সালে প্রতিষ্ঠিত নিউজ করপোরেশনের আওতায় রুপার্ট মারডক কয়েকশ স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়া প্রতিষ্ঠানের মালিক। গত বছর ফক্স ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান হিসেবে তিনি পদত্যাগ করেন। দায়িত্ব ছেড়ে দেন ছেলে লাচলানের হাতে। পরে এ দুই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইমেরিটাস হিসেবে দায়িত্ব নিয়েছেন। প্রায় শতায়ু জীবনের ক্যারিয়ারে নানা বিতর্কের মধ্য দিয়ে গেছেন এই ধনকুবের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত