রওশনপন্থিদের সম্মেলনে নেই ‘ঘনিষ্ঠ’ রাঙ্গা-মসীহ

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৩:১২ পিএম

জাতীয় পার্টির দশম সম্মেলন চলছে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হ‌লে। সম্মেলন থেকে শনিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে জাতীয় পার্টির (রওশন পন্থিদের) চেয়ারম্যান রওশন এরশাদ নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও মহাসচিব হিসেবে কাজী মামুনুর রশীদের নাম ঘোষণা করা হয়েছে।

তবে রওশন এরশাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাপা থেকে বহিষ্কৃত মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এই সম্মেলনে উপস্থিত ছিলেন না। দীর্ঘদিন রওশন এরশাদের হয়ে জাতীয় পার্টির রাজনৈতিক বিভিন্ন দিক সামলালেও সম্মেলনে দেখা যায়নি তাকে।

দলীয় সূত্র জানায়, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ মারা যাওয়ার পর থেকে রাঙ্গা রওশন এরশাদের সব বিষয়ে দেখভাল করতেন। নিতেন দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও। সম্প্রতি তাকে দলের মধ্যে ‘কোটঠাসা’ করা হয়েছে। রাঙ্গাকে বাদ দিয়ে নেওয়া হতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এসব বিষয় নিয়ে দূরত্ব তৈরি হয়েছে।

আজকের সম্মেলনে দেখা যায়নি রওশন এরশাদের আরেক ঘনিষ্ঠ সহযোগী ও দীর্ঘদিনের রাজনৈতিক সচিব সা‌বেক রাষ্ট্রদূত গোলাম মসীহকে। রওশন এরশাদ থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাওয়ার পর থেকে রাঙ্গা এবং মসীহ মিলেই রওশনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেখভাল করতেন। আওয়ামী লীগ সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেন তারা।

এই দুই নেতার বাইরেও সম্মেলনে দেখা যায়নি রওশন এরশাদের আরও দুই সহযোগী এস এম এম আলম ও ইকবাল হো‌সেন রাজুকেও।

জাতীয় পার্টির রওশন ঘনিষ্ঠ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনের পর থেকে রাঙ্গা ও মসীহকে পাশ কাটিয়ে সব সিদ্ধান্ত নিচ্ছিলেন নবনিযুক্ত মহাসচিব কাজী মামুনুর রশীদ। ফলে ক্ষুব্দ হয়ে তারা সম্মেলনে আসেননি।

রওশনপন্থিদের সম্মেলেন সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে আবু হোসেন বাবলাকে মনোনীত করা হয়েছে। এ ছাড়া কো-চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে শহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, সাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন ও সুনীল শুভরায়কে। সম্মেলনে না আসা দীর্ঘদিনের ঘনিষ্ঠ নেতাদের রাখা হয়নি কোনো পদে।

এ বিষয়ে বক্তব্য জানতে মশিউর রহমান রাঙ্গা সঙ্গে যোগাযোগ করলে তিনি রংপুরে আছেন বলে জানান। সম্মেলনে না থাকার বিষয়ে তিনি বলেন, ‘নো কমেন্টস।’

এর আগে জাতীয় সংগীত ও জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন দলটির ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধা। এতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন কাজী মামুনুর রশীদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত