মিরপুরে আজ হয়েছে বিসিবির বোর্ডসভা। সঙ্গে ছিল ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। এর পাশাপাশি বিকেলে ক্যামেরার লেন্স নিজের দিকে টেনে নেন সাকিব আল হাসান। তিন সন্তানকে নিয়ে মিরপুরের মাঠে ফুটবলে মেতে ওঠেন বাবা সাকিব।
প্রথমে ইরাম-আইযাহর সঙ্গে ফুটবল নিয়ে মত্ত হন সাকিব। বিশাল মাঠ পেয়ে যেন আত্মহারা ইরাম ও আইযাহ। এদিক-সেদিক ছুটোছুটি করে বাবার সঙ্গে ফুটবল নিয়ে খেলা করেন তারা। মাঠে ইরাম-আইযাহরা যখন ব্যস্ত সাকিব তখন এগোতে থাকেন ড্রেসিংরুমের দিকে। ওখানে বসে থাকা বড় মেয়ে আলায়নাকে নিয়ে আসতেই সাকিবের গন্তব্য ড্রেসিংরুম।
অবশ্য সংবাদকর্মীদের ক্যামেরা দেখে বেরোতে চাননি আলায়না। এরপর সাকিব বুঝিয়ে নিয়ে আসেন তাকে। এ সময় সাকিব বেশ কয়েকবার গণমাধ্যমকর্মীদের চলে যেতে অনুরোধ করেন। ভিড় কিছুটা ফাঁকা হলে আলায়নাকে নিয়ে সাকিব বের হন। এরপর তিন সন্তানের সঙ্গে কখনো ফুটবল, কখনো দৌড়ে মেতে ওঠেন দেশের ক্রিকেটের এ পোস্টারবয়। সন্তানদের সঙ্গে আনন্দময় এ মুহূর্ত দীর্ঘ হয় বেশ কিছু সময়। সূর্য যখন ডুবি-ডুবি তখন সন্তানদের নিয়ে মিরপুর ছাড়েন সাকিব।
সাকিব শ্রীলঙ্কা সিরিজে খেলছেন না ব্যক্তিগত কারণে। এ সময় বিশ্রাম আর বাণিজ্যিক কাজে সময় দিচ্ছেন। আন্তর্জাতিক সিরিজ না খেললেও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে তার খেলার কথা। আজ ট্রফি উন্মোচনের আগামী ১১ মার্চ থেকে শুরু হচ্ছে ডিপিএলের এবারের আসর।
