ঘড়ির কাটায় ঠিক ১০টা ২৮মিনিট। আজ রবিবার (১০ মার্চ) বেইলী রোডের আগুনে পোড়া ভবনের সামনে এসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন এক ব্যক্তি। তার সঙ্গে ছিলেন আরও দুজন। তারা ওই ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।
কিছুক্ষণ পর যানা গেলো তার পরিচয়। তিনি বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হওয়া শুল্ক গোয়েন্দা কর্মকর্তা শাহাজালাল উদ্দিনের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
গেল ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের আটতলা গ্রিন কোজি কটেজ ভবন আগুন লাগে। এরপর ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এতে প্রাণ হারায় ৪৬ জন।
নিহতের মধ্যে ছিলেন শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা শাহজালাল উদ্দিন। তারই সঙ্গে প্রাণ হারিয়েছেন স্ত্রী মেহেরুন নেসা জাহান ও ৩ বছরের শিশু ফাইরুজ কাশেম জামিরা। তাদের মৃত্যুর শোকে স্তব্ধ পুরো পরিবার।
সন্তানহারা বাবা আবুল কাশেম কান্না করতে করতে বলেন, প্রধানমন্ত্রী আপনার কাছে বিচার দেবো। আমার কান্না কেউ শোনে না বোঝে না। আপনিতো বুঝবেন। আপনার সঙ্গে দেখা করে সব বলতে চাই। আমাদের কেউ বুঝে না।
শোকে স্তব্ধ বাবা নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের বলছেন আপনারা তখন কোথায় ছিলেন। থাকলে আজ এই হতো!
