কিছু সংখ্যক মানুষ দেশকে পিছিয়ে রাখতে চায়: জনপ্রশাসনমন্ত্রী

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০১:৫৫ পিএম

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কিছু সংখ্যক মানুষ ভুল প্রচার-প্রচারণা ষড়যন্ত্র করে দেশকে পিছিয়ে রাখতে চায়ছে। যারা ৭১-এর ষড়যন্ত্র করেছে এখনও তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারপরও দুর্বার গতিতে সব সেক্টরে এগিয়ে চলছে দেশ।

আজ রবিবার (১০ মার্চ) মেহেরপুরে মুজিবনগর অডিটোরিয়ামে ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদেরকে আত্মবিশ্বাসে আত্মপ্রত্যয়ী হতে হবে। ইন্টারনেট কম্পিউটার ভিত্তিক দক্ষতা অর্জন করতে হবে। কারণ এরাই ভবিষ্যত বাংলাদেশ। ইন্টারনেট চর্চা বৃদ্ধি না করলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে। তাই দেশের স্কুল পর্যায়ে স্থাপিত প্রতিটি কম্পিউটার ল্যাবকে আরও সক্রিয় করতে পদক্ষেপ নেওয়া হবে।

একই অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ১৫ বছর আগে দেশে ইন্টারনেটের প্রতি এমবিপিএস এর মূল্য ছিল ৭৫ হাজার টাকা। এখন সেই ইন্টারনেটের প্রতি এমবিপিএস মূল্য ৫০ পয়সা। বিশ্বের সাথে তাল মিলিয়ে এ দেশে ইন্টারনেট নির্ভর একটি দক্ষ জনশক্তি গড়ে উঠেছে। সেই কারণে করোনার সময়ে ২২ সালে কোরবানির সময়ে অনলাইনে ৩ লাখ ৮২ হাজার পশু বেচাকেনা করে। ২ হাজার ৭০০ কোটি টাকা আয় করেছে।

মেহেরপুর জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি মন্ত্রণালয় ও ডাকঘর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, মেহেরপুর পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাংনী উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত