সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অপশক্তি যেন মাথা তুলে দাঁড়াতে না পারে তার জন্য আমাদের সংস্কৃতি চর্চাকে বেগবান করতে হবে। সংস্কৃতি চর্চার মাধ্যমে অপশক্তিকে রুখে দিতে হবে।
রবিবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে ঢাবি সাংস্কৃতিক সংসদ আয়োজিত বসন্ত উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেছেন।
তিনি আরও বলেন, শিক্ষা ও সংস্কৃতি চর্চা একসঙ্গে চলবে। সংস্কৃতিবোধ না থাকলে পড়াশোনার মানে থাকে না। আমাদের গর্ব করার মতো সংস্কৃতি আছে। আমাদের সমৃদ্ধ ভাষা, সাহিত্য ও সংস্কৃতি রয়েছে। সংস্কৃতির শক্তি মননে ধারন করলে কেউ দাবায়ে রাখতে পারে না। আমরা সম্পদে বা অস্ত্রে সবচেয়ে ধনী দেশ হতে চাই না। আমাদের সংস্কৃতবান স্বনির্ভর জাতি হিসেবে দাঁড়াতে চাই। আমরা পারি না বা পারবো না এমন কিছু নেই। আমাদের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি ভাষা সবকিছুর শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। পরে মন্ত্রী উৎসব উপলক্ষে প্রকাশিত স্মরণিকা 'রং' এর মোড়ক উন্মোচন করেন ও সংবর্ধিত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরী।
