সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনার পর তিন সহকারী অ্যাটর্নি জেনারেল অব্যাহতি দেওয়া হয়েছে।
তারা হলেন- অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট কাজী বশির আহমেদ ও অ্যাডভোকেট শ্যামা আক্তার। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ সোমবার (১১ মার্চ) আইন মন্ত্রণালয়ের সলিসিটর বিভাগ থেকে তাদের অব্যাহতির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট কাজী বশির আহমেদ ও অ্যাডভোকেট শ্যামা আক্তারের সহকারী অ্যাটর্নি হিসেবে অত্র মন্ত্রণালয়ের নিয়োগ আদেশ বাতিলক্রমে তাদের সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বরখাস্ত ৩ সহকারী অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট বার নির্বাচনে স্বতন্ত্র সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথির অনুসারী। এর মধ্যে কাজী বশির ও জাকির হোসেন মাসুদের বিরুদ্ধে হামলার ঘটনায় মামলা হয়েছে।
কী কারণে তাদের নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি ওই বিজ্ঞপ্তিতে। তবে সূত্রগুলো বলছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে মারামারি, এক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে নির্বাচন কমিটিকে বাধ্য করা এবং মামলার প্রেক্ষাপটে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই ঘটনায় করা মামলায় অব্যাহতি দেওয়া সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী বশির আহমেদসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত ৯ মার্চ রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। মামলায় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি, বিএনপির প্যানেলভুক্ত সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়।
