ইয়েমেনে আল কায়েদা নেতার মৃত্যু নিয়ে ধোঁয়াশা

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৭:৩১ পিএম

আল কায়েদার ইয়েমেন শাখার শীর্ষ নেতা খালিদ আল বাতারফি মারা গেছেন। তবে তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। খালিদের মৃত্যুর খবর জানিয়ে রবিবার (১০ মার্চ) সংগঠনটি একটি ভিডিও প্রকাশ্যে এনেছে। ভিডিওতে খালিদের মরদেহ আল কায়েদার কালো-সাদা পতাকার কাফনে মোড়ানো দেখা যায়।

খালিদের মুখে আঘাতের কোনো চিহ্ন ছিল না। আরব উপদ্বীপে আল কায়েদার নেতৃত্ব দেওয়ায় মার্কিন সরকার তার মাথার মূল্য ঘোষণা করেছিল ৫ মিলিয়ন ডলার। যেহেতু সংগঠনটির প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যার পরেও গোষ্ঠীটির সবচেয়ে বিপজ্জনক শাখা বিবেচিত করা হয় ইয়েমেন শাখাকে।

খালিদ ২০২০ সালের ফেব্রুয়ারিতে শাখাটির দায়িত্ব নেন। তার জন্ম সৌদি আরবের রিয়াদে। তিনি ১৯৯৯ সালে আফগানিস্তানে যান এবং তালিবানের সঙ্গে যুদ্ধে অংশ নেন। তিনি ২০১০ সালে আল কায়েদার ইয়েমেন শাখায় যোগ দেন এবং দেশটির আবিয়ান প্রদেশ দখলে নেতৃত্ব দেন।

এর আগে আল কায়েদার ইয়েমেন শাখার দায়িত্ব ছিলেন কাসিম আল রিমি। তাকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় হত্যা করা হয়। খালিদের অবর্তমানে আল কায়েদার ইয়েমেন শাখার দায়িত্ব নেবেন সাদ বিন আতেফ আল আওলাকি। তিনি জনসমক্ষে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে আক্রমণের আহ্বান জানানোয় পরিচিত। যুক্তরাষ্ট্র তাকে ধরিয়ে দিতে ৬ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রে একটি বাণিজ্যিক বিমানে বোমা হামলার চেষ্টার পর থেকে আল কায়েদার ইয়েমেন শাখাকে সবচেয়ে বিপজ্জনক শাখা হিসেবে দেখে ওয়াশিংটন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত