স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল সোমবার (১১ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে ২৮ মার্চ।
নতুন উপাচার্যের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ ২৯ মার্চ থেকে কার্যকর হবে। উপাচার্য হিসেবে অধ্যাপক দীন মো. নূরুল হকের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ে আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। অধ্যাপক দীন মো. নূরুল হক অবসরের সময় যেই পদে ছিলেন, উপাচার্য পদে তিনি সেই পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তবে বিধি অনুযায়ী উপাচার্যের পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন।
অধ্যাপক দীন মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চক্ষু চিকিৎসক। চোখের চিকিৎসায় অবদানের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে ডা. আলীম মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন।
তিনি ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে, এলাকায় তিনি ‘ননী ডাক্তার’ হিসেবে পরিচিত।
