অনেক দিন ধরেই আলোচনায় বলিউড পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি। এ খবর অবশ্য পুরনো। তবে ছবি ঘোষণার পর থেকে একাধিকবার নানা কারণে পিছিয়েছে কাজ। প্রাথমিকভাবে ছবির জন্য রণবীর কাপুরকে রামচন্দ্র ও তার বিপরীতে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে সীতার চরিত্রে পছন্দ করেন পরিচালক নীতেশ তিওয়ারি।
তবে এর পর সীতা চরিত্রের জন্য উঠে আসে অনেক নাম। তবে শেষ পর্যন্ত নাকি পল্লবীতেই ভরসা রেখেছেন পরিচালক। আলোচনা হয় রাবণের চরিত্র নিয়েও। একাধিকবার শোনা গিয়েছিল, ছবি থেকে সরে দাঁড়িয়েছেন দক্ষিণী তারকা যশ। যদিও শেষ পর্যন্ত রাজি হন তিনিও। এবার ‘রামায়ণ’-এ ফের তারকা বদল। বিজয় সেতুপতির জায়গা নিলেন হরমন বাওয়েজা।
জানা গেছে, এটি ভারতের অন্যতম বিগ বাজেট পিরিয়ড ড্রামা। ক্যামেরা, কাস্টিং কিংবা ভিস্যুয়াল এফেক্ট— সবদিক থেকে অন্য অনেক ছবিকেই ‘রামায়ণ’ পেছনে ফেলবে বলে ধারণা। মার্চ মাসের শেষের দিকেই শুরু হবে শুটিং। মুম্বাই ও লন্ডন মিলিয়ে মোট ১২০ দিনের শুটিং। যার সিংহভাগ শুট হবে মুম্বাইতে। তার পর লন্ডন পাড়ি দেবে গোটা টিম।
তবে তার আগে বদলে গেল বিভীষণ। কথা ছিল এই চরিত্রে অভিনয় করবেন বিজয় সেতুপতি। কিন্তু সেই জায়গা নিলেন হরমন। দীর্ঘদিন সিনেমা থেকে আড়ালে ছিলেন তিনি। গত বছর ‘স্কুপ’ সিরিজের মাধ্যমে ফের অভিনয়ে ফিরেছেন তিনি। এবার ‘রামায়ণ’-এ এমন একটা চরিত্রের প্রস্তাব যদি সত্যি পেয়ে থাকেন হরমন, নিঃসন্দেহে সেটি তাঁর কেরিয়ারে বাড়তি অক্সিজেন যোগাবে।
