রাশিয়াতে গুপ্তচরবৃত্তির অভিযোগে দ. কোরিয়ার নাগরিক আটক

  • চলতি বছরের শুরুতেই সুদূর পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টক থেকে আটক হন বায়েক
  • বিদেশী গোয়েন্দাদের কাছে রাশিয়ার সরকারি গোপন তথ্য দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে
আপডেট : ১২ মার্চ ২০২৪, ১২:২৯ পিএম

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ার পূর্বাঞ্চলে দক্ষিণ কোরিয়ার এক নাগরিককে আটক করেছে রুশ কর্তৃপক্ষ।

রুশ সরকারি বার্তাসংস্থা তাসের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে তাস জানায়, দক্ষিণ কোরিয়ার গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বায়েক ওয়ান। নাগরিক চলতি বছরের শুরুতেই সুদূর পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টক থেকে আটক হন। তিনি বর্তমানে মস্কোর একটি কারাগারে রয়েছেন।

বায়েকের মামলাটি "টপ সিক্রেট" হিসাবে গণ্য করে তাকে লেফোরটোভো কারাগারে রাখা হয়েছে। সোমবার রাশিয়ার একটি আদালত তার আটকাদেশ ১৫ জুন পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইন প্রয়োগকারী কর্মকর্তাকে উদ্ধৃত করে তাস জানিয়েছে যে, বায়েক বিদেশী গোয়েন্দাদের কাছে রাশিয়ার সরকারি গোপন তথ্য দিয়েছিলেন। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি রুশ কর্তৃপক্ষ।

এদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও ওই ব্যক্তির আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা আটক হওয়া ব্যক্তিকে সহায়তা দেওয়ার চেষ্টা করছে বলে জানানো হয়েছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ইয়োনহাপ এক প্রতিবেদনে জানিয়েছে, বায়েক একজন ধর্মীয় প্রচারক ছিলেন। তিনি উত্তর কোরিয়া থেকে পলায়নকারীদের উদ্ধার এবং মানবিক সহায়তা প্রদানে জড়িত ছিলেন। চীন থেকে ভ্লাদিভোস্টকে আসার পর জানুয়ারিতে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস তাকে আটক করে।

প্রথমবারের মত কোনো দক্ষিণ কোরিয়ার নাগরিককে রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছে।

দুই বছর আগে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকেই রাশিয়ায় বিদেশি নাগরিকদের আটকের ঘটনা বেড়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত