রাজধানীতে ছাদ থেকে পড়ে ২ মৃত্যু

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১২:৪৫ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়ায় একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে তৌফা ইসলাম (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার মানসিক সমস্যা ছিল বলে জানা গেছে। এছাড়া, বাংলাদেশ সচিবালয়ের নির্মাণাধীন মসজিদের ছাদ থেকে নিচে পড়ে মোস্তফা (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ছাদ ঢালাইয়ের শ্রমিকদের সর্দার ছিলেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোনাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ তৌফার মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, থানা-পুলিশ ও স্বজনরা রাতে ওই কিশোরীর লাশ ঢাকা মেডিকেলে নিয়ে এসেছেন। কোনাপাড়া গোল্ডেন ব্রিজ ডিএনডি রোডের একটি বাড়ির পঞ্চম তলার ছাদ হতে নিচে পড়ে যায় তৌফা নামে ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারা যান মোস্তফা (৩৫)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

একটি কোম্পানির ইঞ্জিনিয়ার শামীম রেজা জানান, মসজিদের ছাদ ঢালাইয়ের সর্দার ছিলেন মোস্তফা। ৮ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ের ভেতরে নির্মাণাধীন মসজিদের চারতলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান ওই শ্রমিক। গুরুতর আহত অবস্থায় ওই দিনই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সেখানে তার মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত