নারায়ণগঞ্জে ৩১ মেট্রিক টন খেজুর জব্দ

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৪:৫৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে মজুদকৃত ৩১ টন খেজুর উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় দুটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের সহকারী পরিচালক আব্দুস সালাম। এ সময় ভোক্তা অধিকারের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

আব্দুস সালাম বলেন, ওই কোল্ড স্টোরেজের তারিক হোসেনের মালিকানাধীন মৌসুমী এন্টারপ্রাইজে ১৪ মেট্রিক টন মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ করা ছিল। যার আনুমানিক মূল্য ২১ লাখ ৬৬ হাজার টাকা। এই খেজুরগুলোর ২০২১ সাল পর্যন্ত মেয়াদ ছিল। ভুয়া স্টিকারের মাধ্যমে এর মেয়াদ বাড়িয়ে এগুলো বাজারজাতকরনের পরিকল্পনা ছিল তাদের। অন্যদিকে জিলানীর মালিকানাধীন মদিনা এন্টারপ্রাইজ থেকে মজুদকৃত ১৭ মেট্রিক টন খেজুর উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৯৪ হাজার ৯৬০ টাকা।

তিনি বলেন, বাজারে সংকট সৃষ্টি করে তারা এই খেজুরগুলো বাজারজাতকরণ করতে চেয়েছিল। আমরা খেজুরগুলো সিল করে দিয়েছি। এখনো পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনের পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত