উনিশ চ্যাম্পিয়নদের হাতে 'ঈদ উপহার'

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৮:০২ পিএম

রমজানের প্রথম দিন সাফ অনূর্ধ্ব-১৯ ওমেন্স চ্যাম্পিয়নশিপের যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েদের হাতে "ঈদ উপহার" তুলে দিয়েছে ওয়ালটন গ্রুপ। গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ফাইনালের আগে প্রতিষ্ঠানটি ঘোষণা করেছিল, বাংলাদেশ শিরোপা জিতলে দলের প্রত্যেককে দেওয়া হবে একটি করে টেলিভিশন। সেই কথা রেখেছে প্রতিষ্ঠানটি। দলের খেলোয়াড়, কোচ, অফিসিয়ালসহ মোট ৩৩জনকে একটি করে ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন তুলে দিয়েছে ওয়ালটন। 

সবাই এই উপহার পাওয়ার পেছনে অবশ্য বড় ভূমিকা ছিল টুর্নামেন্টের দলের সেরা পারফরমার সাগরিকার। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালকে ৩-১-এ হারানোর ম্যাচে সাগরিকা করেছিলেন জোড়া গোল। মেয়ের সেই পারফরম্যান্স দেখতে আত্মীয়ের কাছ থেকে টিভি ধার করেছিলেন চা বিক্রতা বাবা। বিষয়টি সংবাদ মাধ্যমে আসলে ফাইনালের দিন সাগরিকার বাবা ও মায়ের হাতে একটি টেলিভিশন তুলে দেয় ওয়ালটন। তখন তারা প্রতিশ্রুতি দেয়, শিরোপা জিতলে পুরো দলকেই দেওয়া হবে এই উপহার।

মঙ্গলবার বাফুফে ভবনে ওয়ালটনের পক্ষে উপস্থিত থেকে অনূর্ধ্ব-১৯ মেয়েদের হাতে টেলিভিশন তুলে দেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), জ্যেষ্ঠ উপ-নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম মিলটন। ২৩ ফুটবলারের মধ্যে অবশ্য মঙ্গলবার উপস্থিত ছিলেন ১৩জন। বাকী দশজন এএসসি পরীক্ষার কারণে ক্যাম্পে উপস্থিত নেই আপাতত। ঈদের আগে টিভি উপহার মেয়ে ভীষণ খুশি ফুটবলাররা। ওয়ালটন সূত্রে জানা গেছে সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দলের মেয়েদেরও একই উপহার দেওয়ার পরিকল্পনা আছে তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত