পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি তাদের মাসিক বেতন নেবেন না বলে ঘোষণা দিয়েছেন।
মূলত দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির কারণেই বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্যা ডন।
মঙ্গলবার এ বিষয়ে এক বিবৃতি জারি করে পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয়।
বিবৃতিতে বলা হয়, ‘দেশের অর্থনৈতিক সংকটের অবস্থা বিবেচনা করে প্রেসিডেন্ট জারদারি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।‘
আরও বলা হয়, ‘জাতীয় কোষাগারের ওপর বোঝা না বাড়াতেই বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।‘
এদিকে পাকিস্তানের নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও ঘোষণা করেছেন যে তিনি তার বেতন নেবেন না।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মহসিন নকভি বলেন, ‘দেশের এই চ্যালেঞ্জিং সময়ে আমি প্রতিটি সম্ভাব্য উপায়ে দেশকে সমর্থন ও সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ’।
তার এই সিদ্ধান্তের ফলে স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব পালনকালে মাসিক বেতন পাবেন না বলে জানিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত রোববার (১০ মার্চ) পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি আসিফ আলি জারদারি। এর আগে শনিবার পাকিস্তানের প্রেসিডেন্ট পদের ভোটে ৪১১ ভোট পান আসিফ আলি জারদারি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিকেএমএপির চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাই মাত্র ১৮১ ভোট পান।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন তিনি। এর আগে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত জারদারি পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
সোমালিয়ান জলদস্যু কারা? কেন এত শক্তিশালী?
শুক্রবার শুরু হচ্ছে রাশিয়ার নির্বাচন