রেমিট্যান্স যোদ্ধা নুরুল আমিন দুবাইতে ব্যবসা করতেন। ২০১৬ সালে তিনি বিদেশে পাড়ি জমান। তারপর থেকে যা আয় করতেন তার বেশিরভাগ টাকা বাসায় পাঠাতেন। এক সময় দুবাইতে অবৈধ হয়ে পড়লে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন জেলে থাকার পর অসুস্থ অবস্থায় গতকাল (১২ মার্চ) মঙ্গলবার তিনি দেশে ফিরেছেন। নুরুল আমিন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার দুরদূরি এলাকার বাসিন্দা।
অসুস্থ নুরুল আমিন বিমানবন্দরে নেমেই বিমানবন্দর (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহায়তায় পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। তখন নুরুল আমিনের স্ত্রী ফোনে জানান তাকে নিতে আসতে পারবেন না। এ কথা শুনেই হাউমাউ করে কান্না শুরু করেন। বাড়িতে ফেরার জন্য আকুতি জানাতে থাকেন। পরে রাতেই নিরাপদ আবাসন ও পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিরাপদে হস্তান্তর করার জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে হস্তান্তর করেন এপিবিএন।
নুরুল আমিন বর্তমানে ব্র্যাক লার্নিং সেন্টার আশকোনাতে আছেন। সংস্থাটির ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার ম্যানেজার আল আমিন নয়ন বলেন, সকালে আমরা ভুক্তভোগীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান, তাকে নিতে আসতে পারবেন না।
