ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর নামে চুক্তিভঙ্গ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড (আলফা আই)।
প্রতিষ্ঠানটি থেকে ২৪টি নাটকের জন্য ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়ে মাত্র ৯টি নাটকে কাজ করে তেত্রিশ লাখ টাকা নিয়ে সব ধরনের যোগাযোগ থেকে বিরত থাকায় প্রযোজনা প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির অভিযোগ এনে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) এবং অভিনয় শিল্পী সংঘের কাছে সমাধান চেয়ে লিখিত অভিযোগ করেছেন আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল)। গত সোমবার (১১ মার্চ) এই অভিযোগ করেন শাকিল।
এমতাবস্থায় গেল ৩ মার্চ অভিনেতার বিরুদ্ধে ৭ দিনের সময় বেঁধে দিয়ে লিগ্যাল নোটিশ পাঠায় প্রযোজনা প্রতিষ্ঠান।
বিষয়টি নিয়ে দেশ রূপান্তরকে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, এখন বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলে গেছে এবং আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বিষয়টি দেখছে। পাশাপাশি টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব)ও বিষয়টি নিয়ে অবগত। তারা যা বলার বলবেন। একই সঙ্গে আমার আইনজীবী কথা বলবেন। যেহেতু আইনি প্রক্রিয়ায় আমি এগোচ্ছি তাই এটা নিয়ে কোনো মন্তব্য বা কথাবার্তা এই মুহূর্তে বলতে চাই না। এসব নিয়ে আমি কথা বললে আইনি প্রক্রিয়ায় বাধাগ্রস্থ হতে পারে বলে আমার আইনজীবি জানিয়েছেন। তাই যা বলার তারাই বলবেন।
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম দেশ রূপান্তরকে বলেন, বিষয়টি আসলে এতটা জটিল না। এখন দুই পক্ষকে নিয়ে আমরা বসে যখন পুরো বিষয়টি নিয়ে শুনবো তখন বলতে পারব। দুজনেই বেশ বন্ধুসুলভ বলে জানি। একসঙ্গে কাজ করতে গিয়ে অনেক সময়ই ভুল বুঝাবুঝি হয়। এখানেও বিষয়টা এরকমই মনে হচ্ছে।
