বিগত এক দশকে চীনে তরুণদের মধ্যে আশঙ্কাজনকভাবে বিয়ে করার হার কমে এসেছিল। কমতে কমতে ২০২২ সালে তা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছিল। তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র।
গেল বছর প্রায় এক দশক ধরে চলে আসা নিম্নমুখী প্রবণতা উল্টে গেছে। বেড়েছে বিবাহের হার। ২০২৩ সালে ৯ বছরের মধ্যে রেকর্ড বিয়ে হয়েছে পূর্ব এশিয়ার দেশটিতে।
সোমবার চীনের মিনিস্ট্রি অফ সিভিল অ্যাফেয়ার্সের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, চীনের মিনিস্ট্রি অফ সিভিল অ্যাফেয়ার্সের তথ্য অনুসারে ২০২৩ সালে দেশটিতে নব বিবাহিত দম্পতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ লাখ ৬৮ হাজার। যা ২০২২ সালের ৮ লাখ ৪৫ হাজার থেকে কয়েকগুণ বেশি।
এর আগে ২০১৩ সালে চীনে সর্বোচ্চ বিবাহের হার ছিল, সেই বছর দেশটিতে ১ কোটি ৩৪ লাখ বিবাহ সম্পন্ন হয়েছিল।
মূলত গত কয়েক বছর কোভিড-১৯ মহামারির কারণে লকডাউন এবং অন্যান্য বিধিনিষেধ থাকায় দেশটিতে বিয়ের হার কমে গিয়েছিল। যার দরুণ দেশটিতে জন্মহারও কমেছে।
ধারণা করা হচ্ছে করোনার কারণে চীনে জরুরি পরিস্থিতি থাকায় অনেকেই আটকে থাকা বিয়ের কাজ গত বছর সেরেছেন। এছাড়া তরুণদের মধ্যে বিয়ের উৎসাহ বাড়াতে চীন সরকারের নানারকম সুবিধা দেওয়ায় আগ্রহও বেড়েছে।
তবে গত বছর চীনে বিবাহের সংখ্যা বাড়লেও টানা দ্বিতীয় বছরের মত কমেছে জন্মহার। যা বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটির জন্য ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা নিয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে চীনে জনসংখ্যা হ্রাসের পরিমাণ দ্বিগুণ বলেও জানিয়েছিল দেশটি।
আমেরিকাতে ১০ ডলার দিয়ে ভোট কেনা যায়: পুতিন
এটাই আমার শেষ ভিডিও হতে পারে: ফিলিস্তিনি সাংবাদিক