এটাই আমার শেষ ভিডিও হতে পারে: ফিলিস্তিনি সাংবাদিক

  • আল শিফা হাসপাতালের কমপ্লেক্সের ভেতরে গুলিও চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা
  • এতে বেশ কয়েকজন আহত ও নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১১:১৫ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফাতে আবারও ভয়াবহ হামলা ও সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

আল জাজিরার সাংবাদিক জানান, শত শত রোগী, চিকিৎসা কর্মী এবং বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল আল শিফা হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। এমনকি হাসপাতালের কমপ্লেক্সের ভেতরে গুলিও চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা।

এতে বেশ কয়েকজন আহত ও নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আল-শিফা হাসপাতালে আটকে পড়া একজন ফিলিস্তিনি সাংবাদিক "তীব্র সংঘর্ষ" এবং বন্দুকযুদ্ধের পরিস্থিতিকে "বিপর্যয়কর" হিসাবে বর্ণনা করেছেন। ওয়াদে আবু আলসুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, "এটি আমার শেষ ভিডিও হতে পারে।"

তিনি আরও বলেন, ‘আমরা এখন আল-শিফা হাসপাতালে অবরুদ্ধ। আমাদের উপর প্রচন্ড গুলি চালানো হচ্ছে। দখলদাররা হঠাৎ করে হাসপাতাল ও এর আশপাশে অভিযান চালায়। আপনি এখন শুনতে পাচ্ছেন, আল-শিফা হাসপাতালের আশেপাশে তীব্র সংঘর্ষ চলছে। আমরা গেট থেকে আওয়াজ শুনতে পাচ্ছি. হাসপাতালের আঙিনায় ছুরি পড়ে আছে।‘

তিনি বলেন, “আমরা বর্তমানে অবরুদ্ধ। দোয়া করবেন যেন আমরা নিরাপদে বের হতে পারি। এখানে পরিস্থিতি বিপর্যয়কর।"

এদিকে এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানিয়েছে যে, ভারী অস্ত্রে সজ্জিত ইসরায়েলি সৈন্যরা সোমবার ভোরের দিকে আল-শিফায় ট্যাংক এবং ড্রোনসহ আক্রমণ শুরু করে এবং কমপ্লেক্সের ভেতরে গুলি চালাতে শুরু করে।

এদিকে আল জাজিরার আরবি বিভাগ জানায়, ইসরায়েলি বোমা হামলার কারণে আল-শিফা হাসপাতালের একটি অস্ত্রোপচার ভবনে আগুন লেগেছে। হাসপাতালের আশেপাশে অবস্থানরত মানুষদের ওপরও ড্রোন দিয়ে গুলি চালাচ্ছে ইসরায়েল।

আল-শিফায় নতুন হামলা পরিকল্পনার আগাম কোনও সংবাদ দেয়নি আইডিএফ। হামাস যোদ্ধারা পুনরায় সংগঠিত হচ্ছে দাবি করে হাসপাতালটিতে অভিযানের ঘোষণা দেয় ইসরায়েল।

তবে চলমান ইসরায়েলি সামরিক অভিযানের নিন্দা জানিয়ে এই হামলা "যুদ্ধাপরাধ" বলে মন্তব্য করেছে গাজার মিডিয়া অফিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত