গাজীপুর কালিয়াকৈরে এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তাওহীদ (৭) নামে এক শিশু মারা গেছেন। এর আগে গত শনিবার তাওহীদের বোন তায়েবা (৩) মারা গেছে। এনিয়ে ঘটনাটিতে ১১ জন মারা গেল।
আজ সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় শিশুটি। শিশু তাওহীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, শিশুটির শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
তাওহীদের চাচা মো. আসাদ জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়। গাজীপুরে সজল-সুমাইয়া দম্পতির ছেলে তাওহীদ। স্থানীয় মাদ্রাসায় পড়তো সে। এই ঘটনায় তাওহীতের ছোট বোন তায়েবা (৩) গত শনিবার মারা গেছে। তাওহীদের বাবা মো. সজল গাড়ি চালক। মা সুমাইয়া আক্তার গৃহিণী। ঘটনার সময় দুই ভাই-বোন রাস্তায় খেলছিল। গ্যাস লিকেজ হওয়ার পর তারা সেখানে গিয়েছিল এটি দেখতে। তখনই গ্যাসের আগুনে দগ্ধ হন ভাই-বোন।
