রাজধানীর ভাটারা বসুমতি এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে রাজু (২৮) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে ভাটারা বসুমতি আনসার ক্যাম্পের গেটের পাশে এঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা 'মায়ের দোয়া লামিয়া রেস্টুরেন্ট'-এর কর্মচারী মো. আফসার উদ্দিন জানান, হোটেলটিতে কারিগর হিসেবে কাজ করে রাজু। সকালে হোটেলের সামনে সানশেডের নিচে দাঁড়িয়ে রান্নার কাজ করছিলে। এসময় রাস্তার বিপরীত পাশে নির্মাণাধীন একটি ১০তলা ভবন থেকে সেন্টারিং-এর লোহার পাইপ খসে নিচে পড়ে। পাইপটি রাস্তায় পড়ে এরপর ছিটকে গিয়ে রাস্তার বিপরীতে দাঁড়িয়ে থাকা রাজুর পেটে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, বেশ কয়েক বছর ধরে রাজু ওই হোটেলটিতে কাজ করছিল। তার বাড়ি চাঁদপুরের সদর উপজেলায়। বর্তমানে ভাটারা বসুমতি এলাকায় একটি মেসে থাকত। তার বাবার নাম শাহাবুদ্দিন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, রাজুর মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানা পুলিশকে জানানো হয়েছে।
