নাভালনির মৃত্যু

৩০ রুশ কর্মকর্তার ওপর ইইউর নিষেধাজ্ঞা

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৭:৪৫ পিএম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো রাশিয়ার বিরোধী দলীয় নেতা এবং ক্রেমলিনের কঠোর সমালোচক অ্যালেক্সি নাভালনির মৃত্যুর ঘটনায় দেশটির ৩০ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সম্মত হয়েছে। গতকাল সোমবার ব্লকের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এ কথা বলেন। খবর এএফপির।

বোরেল ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর বলেন, আমরা অ্যালেক্সি নাভালনি হত্যায় জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছি। নাভালনি গত ফেব্রুয়ারিতে আর্কটিক কারাগারে মারা যান। সেখানে তাকে চরম অবহেলায় বন্দি রাখা হয়েছিল।

কর্মকর্তারা বলেছেন, ইইউ নাভালনির চিকিৎসার জন্য দায়ী কারা কর্মকর্তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং তাদের সম্পদ জব্দ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পথ অনুসরণ করবে। আগামী কয়েক দিনের মধ্যে ইইউর নিষেধাজ্ঞা আরোপের আওতায় যারা আছেন তাদের নাম প্রকাশ করা হবে।

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে দেশটির নেতা ভ্লাদিমির পুতিন নতুন করে ছয় বছরের জন্য ক্ষমতায় এসেছেন। এর মধ্যেই   নাভালনির মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চুক্তি করলো ইইউ। পশ্চিমা বিশ্ব রাশিয়ার এমন পাতানো নির্বাচনের কঠোর সমালোচনা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত