চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থী নারীকে মারধর করে রক্তাক্ত করেছে এক আইনজীবী। বুধবার (২০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর সামনে এই ঘটনা ঘটে।
ট্রাইব্যুনালের পিপি জিকু বড়ুয়া জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বাইরে আতাউর রহমান নামে একজন আইনজীবীর পোশাক ধরে টানা-হিঁচড়া করছিলেন এক নারী। এ সময় হাতের কনুই দিয়ে ঘাই মারলে নিচে পড়ে যান ওই নারী।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন, 'মারধরের ঘটনা সমাধান করে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ এর বাইরে এক আইনজীবী এক নারীকে মারধর ও ঘুষি মেরে নাক ফাটিয়ে দেন। এতে ওই নারীর নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে ওই নারীকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। তবে অভিযুক্ত আইনজীবীর সঙ্গে আপসে মীমাংসা করে দেন সমিতির নেতারা। এ বিষয়ে অভিযুক্ত আইনজীবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
