গাজায় ৭ দিনে শতাধিক ত্রাণকর্মী নিহত, ৩২ হাজার ছুঁই ছুঁই মৃত্যুর সংখ্যা

  • গাজায় দুর্ভিক্ষকে ছড়িয়ে দিতে ত্রাণকর্মীদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল
  • গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৩১ হাজার ৯২৩ জন নিহত হয়েছেন
আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৯:১৩ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে সম্প্রতি ত্রাণ কর্মী ও ত্রাণ নিতে আসা মানুষদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী।

দখলদার এ বাহিনীর হামলায় গত এক সপ্তাহে নিহত হয়েছেন শতাধিক ত্রাণকর্মী। ইসরায়েলি বাহিনীর চালানো আট হামলায় এ নিহতের ঘটনা ঘটে।

সর্বশেষ গত মঙ্গলবার রাতে ত্রাণবাহী ট্রাকে হামলায় আশপাশে থাকা ২৪ জন ত্রাণপ্রত্যাশী ও ত্রাণকর্মী নিহত হন। বুধবার (২০ মার্চ) গাজার তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এক বিবৃতিতে উপত্যকাটিরর তথ্য মন্ত্রণালয় বলছে, ক্ষুধা এবং অনাহারকে স্থায়ী করে দুর্ভিক্ষ ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার কৌশলের অংশ হিসেবেই ত্রাণকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে।

অন্যদিকে নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফাতেও অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে করে বহু হতাহতের শংকা দেখা দিয়েছে।

এদিকে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ১০৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলের হামলায় ৩১ হাজার ৯২৩ জন নিহত হয়েছেন।

নিহত ফিলিস্তিনিদের ৭০ শতাংশই নারী ও শিশু। এ ছাড়া ২৪ ঘণ্টায় আরও ১৬২ জন আহত হয়েছেন। এ নিয়ে আহত ব্যক্তির সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত