কুমিল্লার তিতাস উপজেলায় বাকী না দেওয়ায় মো. মানিক মিয়া (৩৬) নামের এক দোকানদারকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার কানাইনগর গ্রামে এ ঘটনা ঘটে। মানিক কানাইনগর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
নিহতের স্বজন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে একই গ্রামের নায়েব আলীর ছেলে বাহাউদ্দীন দোকানে গিয়ে মানিক মিয়ার কাছে বাকীতে সিগারেট চান। এ সময় মানিক দোকানে সিগারেট নেই বলে জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে ক্রেতা বাহাউদ্দীন নাকে আঘাত পেয়ে রক্তাক্ত হন।
পরে বাহাউদ্দিনের বড় ভাই জালালসহ ৩/৪ জন মিলে দোকানদার মানিক মিয়ার ওপর হামলা চালায়। তার চিৎকার শুনে স্বজনরা মানিককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত বাহাউদ্দীনদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের ঘর তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। এদিকে মানিক হত্যার বিচার দাবি করেছেন তার স্বজনার।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তদের আটক করতে আমাদের একাধিক টিম কাজ করছে।
বাসাইলে নতুন ইউএনও শাহরুখ খান