যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১১:৩১ পিএম

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামে বৃহস্পতিবার রাতে এক যুবক প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন। নিহত জিল্লুর রহমান শিমুল (৪৫) ওই গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। স্থানীয় আধিপত্য নিয়ে দলীয় প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে পরিবারের সদস্যদের অভিযোগ। শিমুল ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন।

যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, রাত সাড়ে ৮টার দিকে গোবিলা গ্রামের তরিকুল ইসলামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় শিমুল গোবিলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরিবারের সদস্যরা যশোর জেনারেল  হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনা নিয়ে কাজ করছে।

নিহত জিল্লুর রহমান শিমুলের ভাই রাকিব হাসান জানান, তিনি রাত ৯টার দিকে শিমুলকে নিয়ে হাসপাতালে আসেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৩৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সৌমিক সাহা জানান, নিহত ব্যক্তির শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর পর মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শিমুলের চাচাতো ভাই মেহেদী হাসান জানান, রাত সাড়ে ৮টার দিকে শিমুল ও আমিরুল ইসলাম নামে অপর একজন গোবিলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে গ্রামের তরিকুল ইসলামের বাড়ি সামনে পৌঁছালে কয়েক জন শিমুলের ওপর হামলা চালায়। 

তিনি দাবি করেন, ঘটনার পর স্থানীয়রা একই গ্রামের বুলবুল ও রিয়াদুলকে দা নিয়ে দৌঁড়ে যেতে দেখেছে। তারা চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুন্নার লোক। নিহত শিমুল বর্তমান চেয়ারম্যান দাউদ হোসেনের সাথে থাকতেন।

চেয়ারম্যান দাউদ হোসেন জানান, নিহত শিমুল তার আত্মীয়। তিনি সব সময় তার সাথেই থাকতেন। তিনি স্থানীয় আম-বটতলা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন।

তিনি জানান, স্থানীয় রাজনীতির আধিপত্য নিয়ে এ হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত