‘মোর খুব কষ্ট আছিল, ওজাত খাওয়া নি‌য়ে আর চিন্তা নাই’

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৭:৪৭ পিএম

'মোর কাইও নাই। খ্যায়া না খ্যায়া ওজা করছোং। খুব কষ্ট মোর। আজ চাউল, ডালসহ মেলা কিছু পানু। এগলা প্যায়া খুব শান্তি পানু। ১০-১৫ দিনের জন্য আর চিন্তা নাই, মোর খাওয়া নিয়া।'

এভাবেই কথাগুলো বলছিলেন কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় এলাকার তারামণি বেওয়া (৭০) নামের এক বৃদ্ধা। তিনি বলেন, এই খাবারগুলা কয়টাদিন ভালোমতো খাবার পাইম। যাই এগলা দেইল তার জন্য দোয়া করিম।

আজ শুক্রবার (২২ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে প্রায় অর্ধশত দুস্থ ও অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন একবেলা আহার।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন রেজা, একবেলা আহারের স্বেচ্ছাসেবক ও সাংবাদিক জুয়েল রানা, স্থানীয় শিক্ষক মোয়াজ্জেম হোসেন, মো. মকবুল হোসেন ও শিক্ষক মোজাফফর হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

অসহায় মানুষের জন্য খাদ্যসামগ্রী হিসেবে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, আধা কেজি পেঁয়াজ, ১ কেজি মুড়ি, ১ লিটার তেল, আধা কেজি চিনি, ৩ কেজি ছোলা ও ১ কেজি লবণ। রমজান মাসে এসব সামগ্রী পেয়ে আনন্দিত হয়েছেন তারা।

একবেলা আহারের স্বেচ্ছাসেবক জুয়েল রানা বলেন, একবেলা আহার একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। গত চার বছর ধরে দেশের বিভিন্নপ্রান্তে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামেও বিভিন্ন সময়ে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

আয়োজনের সমন্বয়কারী মোহাম্মদ রেদওয়ান আতিক জানান, আমরা খুবই স্বল্প পরিসরে অল্প কিছু মানুষকে সহায়তা দেওয়ার চেষ্টা করছি। এই রমজান মাসে প্রায় ৫০টি পরিবারের পাশে থাকার সমান্য চেষ্টা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকেই কষ্টে রয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। এজন্য আমাদের বন্ধু-বান্ধবসহ অনেকে সহায়তার হাত বাড়িয়েছেন।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রেজা বলেন, একবেলা আহার কুড়িগ্রামের একটি প্রত্যন্ত এলাকায় এসে খাদ্যসামগ্রী বিতরণ করছে। এ কাজে অবশ্যই তারা প্রশংসার দাবি রাখে। এমন মানবিক কাজ যারাই করবে কুড়িগ্রাম জেলা পুলিশ তাদের পাশে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত