বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির চলমান সংগ্রাম অব্যাহত আছে, অব্যাহত থাকবে। দেশি বিদেশি কোনো শক্তি এ অবৈধ সরকারকে আর ক্ষমতায় রাখতে পারবে না। তাদের বিদায় নিতে হবে। এরপর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকারের মাধ্যমে সরকার গঠন করবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। বাংলাদেশের মানুষ সেই সরকারের অপেক্ষায় আছে।
শুক্রবার (২২ মার্চ) বিকেলে নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন রাজবাড়ী কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মাননা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বয়ক এনামুল হক এনামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর প্রমুখ।
