লিবিয়ার মরুভূমিতে গণকবর, মিলল ৬৫ অভিবাসীর মরদেহ

  • অভিবাসীরা কীভাবে মারা গেলেন এবং তাদের পরিচয় এখনো জানা যায়নি জানিয়েছে আইওএম
  • ধারণা করা হছে, তাদেরকে ভূমধ্যসাগর অঞ্চলে পাচারের উদ্দেশ্যে মরুভূমি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১১:০৮ এএম

লিবিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মরুভূমিতে অন্তত ৬৫ জন অভিবাসীর মরদেহ পাওয়া গেছে একটি গণকবরে, জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)।

এই অভিবাসীরা কীভাবে মারা গেলেন এবং তাদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে আইওএম। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

আইওএম এর ধারণা এই অভিবাসীদেরকে সম্ভবত ভূমধ্যসাগর অঞ্চলে পাচার করার উদ্দেশ্যে এ মরুভূমির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় গভীরভাবে বিস্মিত আইওএম জানিয়েছে লিবিয়ায় আবিষ্কৃত এ গণকবর নিয়ে তদন্ত করছে দেশটি।

আইওএম এর মুখপাত্র বলেন, প্রতিটি অভিবাসীর নিখোঁজ সংবাদ এবং প্রাণহানি শোকার্ত স্বজনদের প্রতিনিধিত্ব করে যারা তাদের প্রিয়জনের খোঁজ করছে, তাদের বিষয়ে জানতে চায় কিংবা ক্ষতি স্বীকার করে নেয়।

আইওএম বলেছে, এ ঘটনা থেকে বোঝা যায় আইনগত উপায়ে অভিবাসন কতটা জরুরি। এসব অভিবাসীদের মরদেহ সম্মানের সাথে শনাক্তকরণ এবং হস্তান্তরের ওপর জোর দিয়েছে সংস্থাটি।

প্রতি বছরই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে হাজারও অভিবাসীপ্রত্যাশী। আর এই যাত্রা শুরুর প্রধান স্থানগুলোর মধ্যে আছে লিবিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত