রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্টে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এ হামলার দুই সপ্তাহ আগেই হামলার বিষয়ে মস্কোকে সতর্ক করেছিল ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
কর্মকর্তারা গণমাধ্যম সিবিএসকে জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট রাশিয়ায় হামলা করতে চায় বলে তথ্য পায় মার্কিন গোয়ান্দারা। সে অনুযায়ী এ মাসের শুরুতে রাশিয়াকে সতর্কও করেছিল হোয়াইট হাউস। সতর্কবার্তায় রাজধানী মস্কো এবং বড় জমায়েতের কথা উল্লেখ ছিল।
দুই সপ্তাহ আগে মস্কোতে থাকা মার্কিন নাগরিকদের সতর্কবার্তা দেয় মার্কিন দূতাবাস। এতে বলা হয়, খুব দ্রুতই মস্কোয় বড় জমায়েতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা রয়েছে সন্ত্রাসীদের। শুক্রবার হামলার পর সে এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
অনলাইনে অযাচাইকৃত এক বিবৃতিতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি শুক্রবার ওয়াশিংটনে ব্রিফিংয়ে বলেন, মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীদের হামলার ঘটনায় ইউক্রেনের বা ইউক্রেনীয়দের সম্পৃক্ততার কোনো আভাস পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার মস্কোর ক্রোকাস সিটি হলে হামলা চালায় বন্দুকধারীরা। সেখানে একটি কনসার্ট দেখতে ৬ হাজারের বেশি মানুষ জমায়েত হয়েছিল। আচমকা সেখানে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে সন্ত্রাসীরা। হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। এতে ধসে পড়েছে হলের ছাদ।
