প্রতিহিংসার রাজনীতি শিখি নাই: অর্থ প্রতিমন্ত্রী

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১০:১৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রতিহিংসার রাজনীতি শেখান নাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শিখিয়েছেন উন্নয়নের রাজনীতি। আর বাংলাদেশ এখন পৃথিবীতে উন্নয়ন বিস্ময়। এ উন্নয়নের ছোঁয়া আনোয়ারাতে আরও ভালোভাবে আসতে হবে।

আজ শনিবার বিকেল ৫টায় চট্টগ্রামের আনোয়ারার পারকি সৈকত পর্যটন কমপ্লেক্স পরিদর্শন শেষে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আহমদ শাহের সভাপতিত্বে ও স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলামের সঞ্চালনায় পারকি সৈকতের রয়েল কনভেনশন হল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, রায়পুর উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ শুনে আসছি অনেক দিন ধরে। সেজন্য সেখানে পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে সরকারি কর্মকর্তারাও সঙ্গে ছিলেন। পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর নানা অভিযোগ শুনেছি। সরকারি টাকায় কাজ হচ্ছে, তা সঠিকভাবে হচ্ছে কী না সেটা দেখার কর্তব্য জনপ্রতিনিধিদের এবং জনগণের। কারণ সব টাকা জনগণের। কাজে কোনো গাফিলতি হলে সেটাও দেখার অধিকার আছে জনগণের। এবং সেটাও আপনারা বলবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি এলাকার উন্নয়ন করছেন তিনি বলেন, উন্নয়নে আমাদের যে অর্থ খরচ করা হয় এতে জনসাধারণ অংশীদার। কাজেই সরকার যেসব প্রকল্পগুলোতে টাকা দিয়ে থাকে সেসব প্রকল্পগুলোর কাজ ঠিকমতো হচ্ছে কী না তা দেখার দায়িত্ব সবার। তাই আপনারা পাহারা দেবেন যাতে কাজ সঠিকভাবে হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ডা. নাছির উদ্দিন মাহমুদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর, আবুল মনসুর মো. মাঈনুদ্দিন, নুরুল আনোয়ার, আজিজুর রহমান, মেজবাহ উদ্দিন চৌধুরী সোহেলসহ দলীয় নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত