বিশ্বজুড়ে উষ্ণায়ন, দাম বাড়বে খাদ্যপণ্যের

  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বজুড়ে সামগ্রিক মূল্যস্ফীতি ০.৮ থেকে ০.৯ শতাংশ বৃদ্ধি পেতে পারে
  • বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহে কৃষি ও খাদ্য উৎপাদনসহ অর্থনীতির প্রধান খাতগুলোর ওপর প্রভাব পড়ছে
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০২:৪০ পিএম

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে উষ্ণতা ও দাবদাহের ফলে ভবিষ্যতে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে, এতে করে সামগ্রিক মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি জার্মান গবেষক ও ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের করা এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট শীর্ষক সাময়িকীতে এ গবেষণা প্রকাশ করা হয়।

এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এপি।

এ গবেষণার জন্য জার্মানির পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের (পিআইকে) গবেষক ও ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে ১৯৯৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্বের ১২১টি দেশের জিনিসপত্রের দাম ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করা হয়।

গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের জন্য তাপমাত্রা বৃদ্ধির কারণে ২০৩৫ সাল পর্যন্ত বিশ্বব্যাপী প্রতিবছর ১ দশমিক ৪৯ থেকে ১ দশমিক ৭৯ শতাংশ পর্যন্ত খাদ্যের দাম বেড়ে যেতে পারে।

শুধুমাত্র চরম আবহাওয়ার কারণে ২০৩৫ সালের মধ্যে বিশ্বজুড়ে সামগ্রিক মূল্যস্ফীতি ০.৮ থেকে ০.৯ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলছেন গবেষকরা।

জলবায়ু উষ্ণ হয়ে ওঠার সঙ্গে সঙ্গে দাবদাহ, খরা ও বন্যার মতো চরম আবহাওয়া পরিস্থিতি এখন নিয়মিত ঘটনা হয়ে উঠছে। এতে কৃষি ও খাদ্য উৎপাদনসহ অর্থনীতির প্রধান খাতগুলোর ওপর প্রভাব পড়ছে।

গবেষণায় উদাহরণ হিসাবে ২০২২ এর ইউরোপীয় তাপদাহের দিকে নির্দেশ করে। ওই বছর উচ্চ তাপ প্রবাহ ইউরোপজুরে খাদ্য সরবরাহ হ্রাস করে, যার ফলে খাদ্যের দাম দুই-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছিল এবং সামগ্রিক মূল্যস্ফীতি এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছিল।

তাপ প্রবাহ বাড়ায় রোমানিয়া, হাঙ্গেরি এবং দক্ষিণ ইউরোপের কিছু অংশে খাদ্যের দাম আরও বেশি বেড়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত