রাস্তায় জন্ম, ঠিকানা ছোটমনি নিবাসে

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৮:৩৩ এএম

ব্যস্ত সড়কে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন নারী হেলেনা (২৫)। এর মধ্যেই জেলে সম্প্রদায়ের স্থানীয় বাসিন্দা মালেকার সহযোগিতায় ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। খবর পেয়ে পুলিশ মা ও নবজাতককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গত শনিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে বরিশাল সদর উপজেলার সাহেবের হাট বাজারের ফেরিঘাটের পাশে এঘটনা ঘটে।

রবিবার (২৪ মার্চ) তাদের আদালতে পাঠানো হয়। আর আদালতের নির্দেশে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে ময়মনসিংহের এক আশ্রয়কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়। অপরদিকে নবজাতকের ঠাঁই মিলবে আগৈলঝাড়া উপজেলার গৈলা ছোটমনি নিবাসে।

এতথ্য নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল।

প্রত্যক্ষদর্শী বেদে সম্প্রদায়ের জেলে নাসিম জানান, নদীতে মাছ ধরে বিক্রি করতে যাবার সময় তিনি ও তার ভাইয়ের স্ত্রী মালেকা ভারসাম্যহীন ওই নারীকে প্রসব যন্ত্রণায় কাতরাতে দেখেন। তখন মালেকা ওই নারীকে দেখে বুঝতে পারেন যে তার সন্তান জন্ম দেওয়ার সময় হয়েছে। এরপরই ওই নারী এক কন্যা সন্তানের জন্ম দেন।

মালেকার ননদ নিঃসন্তান নাসিমা বেগম বলেন, ‘মানসিক ভারসাম্যহীন ওই নারী দুই বছর ধরে ওই এলাকায় ঘোরাফেরা করেন। পরিচয় জানতে চাইলে নিজের নাম ছাড়া আর কিছু বলতে পারেন না। শনিবার রাত থেকে আমি হেলেনার সঙ্গে আছি। ওর চিকিৎসায় পাঁচ হাজার টাকা ব্যয়ও করেছি। আমি শিশুটিকে নিজের সন্তান হিসেবে লালন-পালন করতে চাই।’

এদিকে কিছু শর্ত ও প্রক্রিয়ার ভিত্তিতে কেউ চাইলে শিশুটিকে লালন-পালন করতে পারবে বলে জানান বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ।

বন্দর থানার নারী-শিশু কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রোজিনা আক্তার জানান, আদালতের নির্দেশে নবজাতককে আগৈলঝাড়া শিশু নিবাসে পাঠানো হবে। তবে মাকে আপাতত ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। পরে তাকে ময়মনসিংহের ধরলায় ভবঘুরে আশ্রয়কেন্দ্রে পাঠানো হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত