নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জাটকা শিকারের দায়ে ২২ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত এই অভিযান চালায় জেলা টাস্কফোর্স। পরে দুপুরে চাঁদপুর নৌ থানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জেলেকে ২৫ দিনের ও এক জেলেকে একমাস কারাদণ্ড দেওয়া হয়। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মো. হান্নান ব্যাপারী (২৪), মোতালেব (৩৫), আরিফ হোসেন বেপারী (২৪), মো. রসুল খাঁ (২০), শাহীন খান (২৩), নুর আলম (২০), মেহেদী (১৮), আব্দুল কাদির (১৮), সানাউল্লাহ দর্জি (৪৫), আ. কাদির (১৮), শাহ আলম ব্যাপারী (৩২), নাজমুল হোসেন (১৮) ও বিল্লাল হোসেন (২০)। বাকি ৯ জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
নৌ থানার ওসি কামরুজ্জামান বলেন, মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। এ সময় জেলেদের সঙ্গে থাকা ১০ হাজার মিটার কারেন্ট জাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। জাল আগুনে পুড়িয়ে নষ্ট এবং নৌকা কোস্টগার্ডের হেফাজতে আছে।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামসহ নৌ পুলিশ সদস্যরা অংশ নেন।
