তালিবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে চায় রাশিয়া

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৯:৪৯ পিএম

আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে চায় রাশিয়া। এজন্য দেশটি কাজ  করছে। মঙ্গলবার (০২ এপ্রিল) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
 
দিমিত্রি পেসকভ বলেন, আফগানিস্তান এমন একটি দেশ যেটি আমাদের পাশে আছে। তালিবান নেতাদের সঙ্গে আলোচনা করার জন্য ‘গুরুত্বপূর্ণ বিষয়’ আছে। আমরা তাদের সঙ্গে বিভিন্ন উপায়ে যোগাযোগ করি। আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে, এজন্য সংলাপ প্রয়োজন।

দিমিত্রি পেসকভ ‘গুরুত্বপূর্ণ বিষয়’ নিয়ে বিস্তারিত বলেননি। তবে গত মাসে দুই দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলার শিকার হয়েছে রাশিয়া। মস্কোর একটি কনসার্ট হলে হামলা চালিয়ে কমপক্ষে ১৪৪ জনকে হত্যা করে বন্দুকধারীরা। ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, তাদের কাছে হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তারা ইসলামিক স্টেট খোরাসান বা আইএসকে এ ঘটনার জন্য দাবি করেছে। তবে রাশিয়া বলছে, হামলার ঘটনায় তারা ইউক্রেনের একটি সূত্রের বিষয়ে তদন্ত করছে, যা কিয়েভ এবং যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসে তালিবান। সংগঠনটি এখন পর্যন্ত রাশিয়ার ‘সন্ত্রাসী সংগঠন’-এর তালিকায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত