গাজায় নিহত প্রায় ৩৩ হাজার, ২৪ হাজারই নারী-শিশু

  • যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ২ হাজার ৯২২টি গণহত্যা চালিয়েছে
  • আরও ৭ হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন বলছে গাজার সরকারি মিডিয়া অফিস
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১২:১২ পিএম

প্রায় ছয় মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর আগ্রাসন চালাচ্ছে দখলদার দেশ ইসরায়েল। দখলদার বাহিনীর হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৩৩ হাজারের কাছাকাছি পৌঁছেছে। যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই ২৪ হাজারের বেশি।

এছাড়া ইসরায়েলের আগ্রাসনে আহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে ৭৫ হাজার ৫০০।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩২ হাজার ৯৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৭৫ হাজার ৫৭৭ জন।

অন্যদিকে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ২৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নারী ও শিশু নিহত হয়েছেন বলে জানিয়েছে আনাদোলু।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ২ হাজার ৯২২টি গণহত্যা চালিয়েছে। এতে মোট ১৪ হাজার ৫০০ শিশু এবং ৯ হাজার ৫৬০ জন নারী নিহত হয়েছেন। এ ছাড়া আরও ৭ হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বা নিখোঁজ রয়েছেন।

মিডিয়া অফিসের তথ্যমতে, ভূখণ্ডটিতে ১৭ হাজার শিশু তাদের পিতামাতা বা উভয়ের যেকোনও একজন ছাড়াই বসবাস করছে। অপুষ্টি ও পানিশূন্যতার কারণে গাজায় এখন পর্যন্ত ৩০ জন শিশু প্রাণ হারিয়েছে।

এতে আরও বলা হয়, ৪৮৪ জন স্বাস্থ্যসেবা কর্মী, ১৪০ জন সাংবাদিক এবং ৬৫ জন সিভিল ডিফেন্স কর্মীও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

প্রায় ছয় মাস ধরে টানা যুদ্ধ ও হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে উপত্যকাটির বাসিন্দাদের জীবন। খাদ্য সংকটের কারণে দেখা দিয়েছে দুর্ভিক্ষ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত