নারী শিক্ষার্থী হেনস্তায় জড়িত রাহুল পেলেন ছাত্রকল্যাণের দায়িত্ব

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৮:১৬ পিএম

সম্প্রতি রাজধানীর সরকারি তিতুমীর কলেজে নেত্রকোণা জেলা ছাত্র কল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন আকাশ তালুকদার ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নারী শিক্ষার্থী হেনস্তায় জড়িত সাব্বির হাসান রাহুল।

জানা যায়, ২০২২ সালে পরীক্ষা দিতে এসে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে হেনস্তার শিকার হয়েছেন সুমাইতা লাইছা বুশরা নামক এক নারী শিক্ষার্থী। সাত কলেজের অনার্স ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে তিতুমীর কলেজে এসেছিলেন ঐ শিক্ষার্থী। হেনস্তার পাশাপাশি শাখা ছাত্রলীগের নেতারা তার কাছ থেকে টাকা ছিনতাই করেছেন বলেও ভুক্তভোগী সেই সময় অভিযোগ করেছিলেন।

এই ঘটনায় সে সময় বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে অভিযুক্তদের মধ্যে সদ্য নেত্রকোণা জেলা ছাত্র কল্যাণ পরিষদের, সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া সাব্বির হাসান রাহুলের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া ইমাম হাসান শুভ, রাশেদুল ইসলাম সামি, মো. মেহেরাব হোসাইন ইকরাম, সৈকত সম্রাটের নাম   এজাহারে পাওয়া যায়।

এজাহারে ভুক্তভোগী নারী শিক্ষার্থী বলেন, আমি সরকারি বাঙলা কলেজের ২য় বর্ষের একজন শিক্ষার্থী। গত ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজের ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে সরকারি তিতুমীর কলেজ পরীক্ষাকেন্দ্রে যাই। পরীক্ষা শেষে আমি ও আমার বান্ধবী কলেজ মাঠে দাঁড়িয়ে কথা বলছিলাম। তখন ইমাম হাসান শুভ মোটরসাইকেল নিয়ে এসে আমাকে উদ্দেশ্য করে জনসমক্ষে বিভিন্ন ধরনের অশ্লীল মুখভঙ্গিতে কথাবার্তা বলে উত্ত্যক্ত করতে থাকেন, যা আমার জন্য মানহানিকর।

তিনি বলেন, এমন আচরণে আমরা যে যার বাসায় উদ্দেশে রওনা হই। আমার বান্ধবী চলে যাওয়ার পর আমি বাসায় যাওয়ার সময় মাঠের পাশে রাস্তায় আরেক বন্ধুর সঙ্গে দেখা হয়। আমরা একসঙ্গে কলেজ থেকে বের হওয়ার মুহূর্তে ইমাম হাসান শুভ আবারও মোটরসাইকেলে এসে উত্ত্যক্ত করতে শুরু করেন। তার মোটরসাইকেলের পেছনে বসা অজ্ঞাতনামা আরেকজনই আমাকে দেখে কটূক্তি ও উত্ত্যক্ত করেন।

ওই ছাত্রী বলেন, পরে আমি ও আমার বন্ধু কলেজের বিজ্ঞান ভবনের সামনে পৌঁছলে তারা আবারো মোটরসাইকেল নিয়ে এসে আমাকে উত্ত্যক্ত করেন। এমন আচরণে আমি বিরক্ত হয়ে প্রতিবাদ করে মাটিতে পড়ে থাকা ছোট একটি ইটের টুকরা ইমাম হাসান শুভর মোটরসাইকেলের দিকে ছুঁড়ে মারি। এরইমধ্যে শুভর সঙ্গে আরও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন পর্যায়ক্রমে যোগ দেন। এরপর তারা আমার বন্ধুকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন এবং আমার ছোঁড়া ইটের টুকরা তাদের মোটরসাইকেলে লেগে একাধিক স্থানে ক্ষতি হয়েছে দাবি করে মিথ্যা কথা বলতে থাকেন। এ সময় তারা ক্ষতিপূরণ হিসেবে আমার কাছে দশ হাজার টাকা দাবি করেন। আমি শুভকে টাকা দিতে অস্বীকৃতি জানালে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারমুখী আচরণ করতে থাকেন।

তিনি বলেন, এ সময় আমি মানসিকভাবে ভেঙে পড়লেও তারা ক্ষতিপূরণের টাকার জন্য বেপরোয়া আচরণ করেন। আমি নিরুপায় হয়ে আমাদের কাছে থাকা তিন হাজার টাকা দিই এবং আমি কোনো অপরাধ না করেও ক্ষমা চাইতে বাধ্য হই। তাদের এমন আচরণে আমি ভীত, শঙ্কিত। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আশঙ্কা করছি তারা আবারো যেকোনো সময় আমার বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারেন। তাই অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া একান্ত প্রয়োজন।

ছাত্রকল্যাণের সদ্য মনোনীত সাধারণ সম্পাদক সাব্বির হাসান রাহুল তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে উক্ত পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করে।

নারী হেনস্তার মামলার আসামি ছাত্র কল্যাণের সাধারণ সম্পাদকের বিষয় জানতে চাইলে সরকারি তিতুমীর কলেজে নেত্রকোণা জেলা ছাত্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন বলেন, তার বিরুদ্ধে অভিযোগ প্রামাণ হয়েছে? অভিযোগ আগে প্রমাণ হোক তার পরে বিষয়টি নিয়ে আমরা বিবেচনা করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত