বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আওয়ামী লীগ তাদের কৌশল পরিবর্তন করেছে; এখন তারা ভিন্ন ভাবে ছদ্মবেশে আবার ওই একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এই অবৈধ সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তাদের কোন ম্যানডেট নাই; তাদের যদি ক্ষমতায় আরও থাকতে দেওয়া হয়, যদি জনগণ দেয় তাহলে সেটা ভয়ঙ্কর হবে বাংলাদেশে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলা শহরের সাধারণ পাঠাগার চত্বরে আয়োজিত সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, লুটপাট করে তারা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আজকে ব্যাংকগুলোকে ধ্বংসের স্তুপে পরিণত করেছে। আপনারা খবরের কাগজে দেখছেন সাবেক পুলিশের আইজি (বেনজির আহমেদ) তিনি ১৭ কোটি টাকার শুধু নিজস্ব সম্পদ তৈরি করেছেন; এরপর আরও সম্পদ আছে হাজার হাজার কোটি টাকার। এভাবে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দুর্নীতিতে গ্রস্ত করে তারা তাদের যে ইচ্ছে ক্ষমতাকে চিরস্থায়ী করার সেই লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আজকে বাংলাদেশ একটা ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়েছে। একটা ভয়াবহ দানব তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বছরের পর বছর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে।
মির্জা ফখরুল বলেন, যে আন্দোলন আমরা করছি একটা সত্যের পক্ষের আন্দোলন, ন্যায়ের পক্ষের আন্দোলন। এই আন্দোলন হচ্ছে ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার চেতনার আন্দোলন।
তিনি বলেন, আজকে ৫৩ বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার, এই ৫৩ বছর পর এখন আমাদেরকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হচ্ছে। কি একটা অদ্ভুত ঘটনা।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, সৈয়দ জাহাঙ্গীর আলমসহ ঠাকুরগাঁও জেলা, সদর, পৌর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
‘শারীরিক সম্পর্ক স্বেচ্ছায়’, ধর্ষণ মামলায় মামুনুল হকের জামিন