পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১১:১৯ এএম

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হওয়ার আগেই যানজট আর ভোগান্তি এড়াতে পরিবারের সঙ্গে রাজধানী ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছে ঈদে ঘরমুখী মানুষ। এতে করে শুক্রবার সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েসহ মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজায়। এতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানবাহনের সারি।

সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতুর টোল প্লাজার কাছে গাড়ির জটলা রয়েছে। এক্সপ্রেসওয়েতে যানবাহন আটকে রাখা হচ্ছে। ধাপে ধাপে পদ্মা সেতুর টোল প্লাজার গাড়ির লাইন ছাড়ছে পুলিশ। আটকে থাকা গাড়ির মধ্যে বেশিরভাগ ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, পিকআপ।

এ ছাড়া কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় যানবাহনের স্বাভাবিক চাপ আছে। ৩-৪ মিনিটের বেশি অপেক্ষা করতে হচ্ছে না এ টোল প্লাজায়। তবে পদ্মা সেতু টোল প্লাজায় এসে ১০-১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে দেখা গেছে।

এদিকে পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় ৭টি টোল বুথে প্রতি পাঁচ সেকেন্ডে একটি করে যানবাহনে টোল আদায় করা হচ্ছে ফলে দ্রুত সময়ের মধ্যেই ভোগান্তিহীনভাবে পদ্মা সেতু পাড়ি দিয়ে গন্তব্যের উদ্দেশে যাচ্ছে যানবাহন চালক ও যাত্রীরা। তবে মোটরসাইকেলের উপচে পড়া ভিড় থাকায় আলাদা দুটি লেন তৈরি করে টোল আদায় করা হচ্ছে।

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল ম্যানেজার আহমেদ হক জানান, ভোর থেকেই যানবাহনের চাপ বৃদ্ধি পেতে শুরু করেছে সেতুর মাওয়া প্রান্তে। তবে দূরপাল্লার গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি। এ ছাড়া ভোর থেকে একইসঙ্গে মোটরসাইকেলেরও বাড়তি চাপ তৈরি হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ বলেন, ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে চুরি ছিনতাই ও ডাকাতি বন্ধে টহল পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। ওভার ট্রাকিং কিংবা অতিরিক্ত গতিতে কেউ যানবাহন চালালে তাৎক্ষণিক মামলা দিয়ে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত