ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে: নানক

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১০:৪৯ পিএম

বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজনীতি থেকে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন সমালোচনার জন্য শুধু সরকারকে বেছে নিয়েছে। বিএনপির নেতাকর্মীরা ঘরে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। ভুল সিদ্ধান্তের কারণে দলটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

আজ শনিবার ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানার বিভিন্নস্থানে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নানক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো রমজানে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী আগে যেমন সাধারণ মানুষের পাশে ছিল, তেমনি এখনও আছে ও ভবিষ্যতেও থাকবে।

এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর কবির নানক প্রথমে মোহাম্মদপুরের শ্যামলী সূচনা কমিউনিটি সেন্টারের পেছনে আজিজ মহল্লায় ঈদ সামগ্রী বিতরণ করেন। মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি লায়ন এমএ লতিফের উদ্যোগে এখানে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এরপর রায়ের বাজার কমিউনিটি সেন্টারে ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন। এ ছাড়া ৩৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আসিফ আহমেদ আয়োজিত এবং মোহাম্মদপুর টাউন হলে সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুখসানা আলম আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগদান করে সাধারণ মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন। পরে তিনি আগারগাঁওয়ে ২৮ নম্বর ওয়ার্ড এলাকায় এবং ৩২ নম্বর ওয়ার্ডেও ঈদ সামগ্রী বিতরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত