রাশিয়ায় বাঁধ ভেঙে বন্যা, বড় দুর্যোগের শংকা

  • বন্যাটি ৮০ বছরের মধ্যে কাজাখস্তানের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হওয়ার শংকা 
  • ইতিমধ্যে চার হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, আশ্রয়ের অপেক্ষায় হাজারো মানুষ
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১২:৩০ পিএম

রাশিয়ার কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলের একটি বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে চার হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, আশ্রয়ের অপেক্ষায় আছেন বন্যা কবলিত হাজারো মানুষ।

শুক্রবার প্রবল বৃষ্টির পর বাঁধটি ভেঙে যায় বলে জানিয়েছে আঞ্চলিক গভর্নরের কার্যালয়। খবর আল জাজিরা ও রয়টার্স।

শনিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে আঞ্চলিক গভর্নরের কার্যালয় জানায়, ‘বন্যার কারণে ১০১৯ শিশুসহ ৪২০৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ২৫০০টিরও বেশি বাড়ি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।‘

গভর্নর ডেনিস পাসলার বলেছেন যে বন্যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে ওরস্ক অঞ্চলে খারাপ আকার ধারণ করেছে। এই সীমান্ত শহরটিতে প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষ বসবাস করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ওরস্ক অঞ্চল থেকে প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ এলাকাটি উরাল পর্বতমালার ওরেনবুর্গ অঞ্চলে অবস্থিত।

এদিকে কাজাখ প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েভ সতর্কবার্তা দিয়ে বলেন, ‘বন্যাটি আকার ও প্রভাবের দিক থেকে ৮০ বছরের মধ্যে কাজাখস্তানের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হতে পারে।

ইউরাল ও পশ্চিম সাইবেরিয়ার বেশ কিছু অঞ্চল বসন্তের শুরুতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই না, কাজাখস্তানের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০১৪ সালে এই বাঁধটি নির্মাণ করা হয়। অবহেলা ও নির্মাণ আইন লঙ্ঘনের জন্য একটি ফৌজদারি মামলা করেছে রাশিয়া। স্থানীয় প্রসিকিউটর অফিস জানিয়েছে, দুর্বল ব্যবস্থাপনার কারণেই বাঁধটি ভেঙে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত