যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে শুক্রবার রাতে খুলনার ফুলতলার এক আওয়ামী লীগ ও এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ জানান, রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজঘাটের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটেছে।
আহতরা হচ্ছেন ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য মোল্লা হেদায়েত হোসেন লিটু (৫০) ও একই উপজেলার দামোদর ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুল আলম সবুজ (৩০)।
স্থানীয়দের বরাতে পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, উল্লিখিত দুইজন রাজঘাটের মোস্তাকের দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলে দুইজন ওই দোকানে এসে তাদের পিস্তল দিয়ে গুলি করেন। দুইজন পেটে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের স্থানীয়রা চিকিৎসার জন্য দ্রুত খুলনায় নিয়ে যান।
যশোর পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, যশোরের অভয়নগরের রাজঘাট খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়ন লাগোয়া। গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতা লিটু ফুলতলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুই বছর আগে লিটুর বড় ভাই মোল্লা হেমায়েত হোসেন লিপুকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছিল।
গুলিবিদ্ধ দুই জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
