জামালপুরের ইসলামপুর উপজেলায় ঈদে নানার বাড়িতে বেড়াতে গিয়ে বাড়ির পাশে যমুনা নদীতে মাছ ধরতে যায় মিনহাজ (৯) ও মিনাল (৭) নামে দুই সহোদর ভাই। এ সময় যমুনা নদীর পানিতে ডুবে তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিববার (১৩ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল সাপধরী ইউনিয়নের চরশিশুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই সহোদর মিনহাজ ও মিনাল ওই উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুতলা এলাকার আজহার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ ও মিনাল দুই সহোদর ভাই। আজ শনিবার উপজেলা বেলগাছা ইউনিয়নের জারুল তলা এলাকা থেকে মা চায়না আক্তার দুই ছেলে ও স্বামী আজহার আলীকে সাথে নিয়ে চরশিশুয়া গ্রামে তাঁর বাবার বাড়িতে বেড়াতে যায়।
রবিবার দুপুরে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনার শাখা নদীর নতুন পানিতে স্থানীয় ছেলে-মেয়েদের সাথে মিনহাজ ও মিনাল মাছ ধরতে যায়। সাঁতার না জানায় মাছ ধরার কোন এক সময় নিখোঁজ হয়ে যায় দুই ভাই। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর দুই ভাইয়ের লাশ উদ্ধার করে।
সাপধরী ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-বাবার সঙ্গে ঈদের পরের দিন নানার বাড়িতে এসেছিল দুই ভাই।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, সহোদর দুই ভাইয়ের পানিতে ডুবে মৃত্যুর একটি সংবাদ পেয়েছি। তারা মা-বাবার সাথে শনিবার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের বাবার বাড়ি যমুনার পূর্বপাড় জারুলতলা এলাকায়। যে এলাকায় ঘটনা ঘটেছে সেটি দুর্গম চরাঞ্চল। সেখান থেকে মরদেহ পৌঁছাতে বেশ সময় লাগবে।
