নাহিদ রানার তোপের মুখে শাইনপুকুরে বিপক্ষে খুড়িয়ে খুড়িয়ে ২২৯ রান করলো মোহামেডান। মিরপুরে অধিনায়ক ইমরুল কায়েস আর আবু হায়দার রনি ফিফটি করেছেন।
ডিপিএলের ১০ম রাউন্ডের ম্যাচের টস জিতে ব্যাট করতে নামা মোহামেডান নাহিদ রানার দুর্দান্ত পেসের মুখে ৩১ রানে ২ উইকেট হারিয়ে বসে। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে ৭০ রানের জুটি গড়েছিলেন ইমরুল। ১০১ রানের মাথায় ৭৩ বলে ৫৬ রান করা ইমরুলকে আউট করে স্পিনার হাসান মুরাদ ভাঙেন জুটি। এরপর নাহিদ রানা তুলে নেন আরো তিন উইকেট।
১২৯ রানে ৬ উইকেট হারিয়ে বড় বিপদেই পড়েছিল মোহামেডান। তখন হাল ধরেন আবু হায়দার রনি। গত ৬ এপ্রিল গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে একাই গুঁড়িয়ে দিয়েছিলেন এই রনি। এবার ব্যাট হাতে ৫৫ বলে ৫১ রানের ইনিংস খেলে মোহামেডানকে লজ্জার হাত থেকে বাচিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২২৭ রানে থামে মোহামেডান। লিস্ট 'এ' ক্রিকেটে দ্বিতীয় ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানা ৪০ রান খর্চায়। এছাড়া ২ উইকেট হাসান মুরাদের।
বিকেএসপির ৪ নম্বর মাঠে অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৭ উইকেটে ৩৪৪ করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। হাবিবুর রহমান ৮১, সাব্বির হোসেন শিকদার ৭৪ ও আনিসুল ইসলাম করেন ৬৫ রান। রাহাতুল ফেরদৌস নেন ৩ উইকেট।
বিকেএসপির ৩ নম্বর মাঠের আরেক ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৯৭ করেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ৯৩ বলে ১০৬ করেন শামসুর। সমান ৩টি করে উইকেট সোহেল রানা ও ইরফান হোসেনের।