র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, বান্দরবানে যৌথ অভিযান চলছে। এ দেশে কোনো অবৈধ সশস্ত্র সংগঠন থাকবে এটা আমরা চাই না।
আজ বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বান্দরবান সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে র্যাবে মহাপরিচালক এম খুরশীদ হোসেন এ কথা বলেন। এ সময় অতিরিক্ত মহাপরিচালক (র্যাব অপারেশনস) কর্নেল মো. মাহাবুব আলম, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, বান্দরবান সেক্টর সদর দফতর কর্নেল সোহেল আহমেদ, ডিজিএফআইয়ের কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
র্যাবের ডিজি বলেন, অতীতে সর্বহারা আমাদের কাছে আত্মসমপর্ণ করেছে তাদের পুনর্বাসন করা হয়েছে। জলদস্যু আত্মসমর্পণ করেছে তাদেরকেও পুনর্বাসন করা হয়েছে। যারা বিপথে গেছেন তারা সশস্ত্র পথ ছেড়ে দিয়ে, আত্মসমর্পণ করতে চাইলে আমারা তাদের স্বাগত জানাবো, পুনর্বাসনের ব্যবস্থা করবো।
অবৈধ অস্ত্রধারীদের বিষয়ে র্যাবের মহাপরিচালক বলেন, স্বাধীন দেশে এরকম অবৈধ অস্ত্রধারী এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত শান্তির পথে ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত এ অভিযান চলবে।
আলোচনার পথ খোলা আছে বলে জানিয়ে মহাপরিচালক বলেন, এখানে শান্তি কমিটি আছে। কমিটির সাথে আলোচনার পথ তো বন্ধ হয়নি। আলোচনার পথ খোলা আছে। আমরা সব দিক দিয়ে চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা সৎপথে চলে আসবে। এর আগে তিনি রুমা উপজেলা পরিষদ মসজিদ, ব্যাংক ডাকাতির ঘটনাস্থলে পরিদর্শনের করেন। পরে বান্দরবানে সার্কিট হাউজের প্রশাসন ও আইনশৃঙ্খলা ঊধ্র্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
