বান্দরবান

ব্যাংকে হামলার মামলায় ৫৩ জন রিমান্ডে, ১৮ জনই নারী

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৩:১০ পিএম

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে হামলা ও লুটের ঘটনায় ৫৩ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে ১৮ জন নারী। রিমান্ড মঞ্জুর হওয়া ১৮ নারীর মধ্যে একজনকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের শর্ত আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ নির্দেশ দেন।

দুপুরে ব্যাংকে সন্ত্রাসী হামলা এবং অস্ত্র ও টাকা লুটের দুটি মামলায় গ্রেপ্তার করা ৫৭ জনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইন এর এজলাসে হাজির করা হয়। শুনানি শেষে ৫৩ জনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর এবং অন্য চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত ২ এপ্রিল রাতে রুমা উপজেলা সদরের সোনালী ব্যাংকে সন্ত্রাসী হামলা চালায় দুর্বৃত্তরা। যাওয়ার সময় তারা ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে সন্ত্রাসী হামলা চালানো হয়।

এসব হামলার জন্য স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টকে (কেএনএফ) দায়ী করা হয়। এ ঘটনার পর বান্দরবান জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর বিশেষ চিরুনী অভিযান চলছে। এসব অভিযানে এ পর্যন্ত ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত